রাজধানীর কামরাঙ্গীরচরে এক তরুণীকে জোরপূর্বক নৌকায় তুলে নিয়ে ভয়ঙ্কর শারীরিক নিপীড়ণের ঘটনায় চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন শহিদুল ইসলাম, নিজাম, মনির হোসেন সেন্টু ও সাইফুল ইসলাম।
আদালত তাদের স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ রাষ্ট্রের কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। প্রসিকিউটর এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
রায় ঘোষণার সময় সাইফুল ইসলাম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি তিন আসামি আদালতে উপস্থিত ছিলেন। রায় কার্যকর করার পর তাদের কারাগারে পাঠানো হয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০০৯ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যায় ভুক্তভোগী তরুণী এক বান্ধবীর সঙ্গে কামরাঙ্গীরচরের আশ্রাফাবাদ এলাকায় নৌকাঘাটে যান। পরে বান্ধবী চলে গেলে কিছু লোক তাকে ভয় দেখিয়ে একটি নৌকায় তুলে নেন। নৌকাটি বুড়িগঙ্গা নদীর মাঝখানে নিয়ে গিয়ে তার ওপর শারীরিক নিপীড়ণ চালানো হয়। এরপর তাকে একটি বাড়ির কক্ষে আটক করা হয়।
ভুক্তভোগীর পরিবার খবর পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসার পর ভুক্তভোগী নিজেই থানায় অভিযোগ দাখিল করেন।
২০১০ সালের ৩১ অক্টোবর তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়। বিচারকালে মোট আটজন সাক্ষী আদালতে সাক্ষ্য দেন।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি