গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলা গণপিটুনিতে দুই ডাকাত নিহত হওয়ার পর মামলা দায়ের করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম।
নিহত লেবু মিয়া ওরফে ভন্ডলের মা ফুলমতি বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় উপজেলার খোর্দকোমরপুর ইউনিয়নের খোর্দ মোজাহিদপুর গ্রামের অজ্ঞাতনামা গ্রামবাসীদের আসামি করা হয়েছে।
ওসি আব্দুল আলিম জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ঘটনার সূত্রপাত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ভোরে। ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাসে করে এক নারী ও এক পুরুষ পলাশবাড়ী উপজেলা এলাকায় নামেন। পরে তারা ইদিলপুর ইউনিয়নের মাদারহাট খেয়াঘাট এলাকায় পৌঁছালে দুই মোটরসাইকেলে আসা ছয়জন দুর্বৃত্ত তাদের পথরোধ করে। অভিযোগ রয়েছে, অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
ছিনতাইয়ের পর পালানোর সময় খোর্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর গ্রামের দারোগার বাজার এলাকায় তিনজনকে মোটরসাইকেলসহ আটক করেন স্থানীয়রা। এসময় গণপিটুনিতে লেবু মিয়া (২৪) ও মঈনুল ইসলাম (৫০) নিহত হন। বাকি চারজন পালিয়ে যেতে সক্ষম হয়।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
All rights reserved © 2025 |News Hour71|
এই ওয়েবসাইটের কোন লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি